পতাকা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডঃ শফিকুর রহমান বলেছেন নির্বাচিত হলে সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি আজ পল্লবী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আজ ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকেলে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য প্রার্থী কর্ণেল আব্দুল বাতেনের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১১ দলীয় জোটের ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্ণেল আব্দুল বাতেন, ঢাকা -১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আরমান বিন কাশেম, ঢাকা -১৮ আসনের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ভাষানী ন্যাপের নিয়াজ মোহাম্মদ খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধান, আমার বাংলাদেশ (এবি) পার্টির মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
প্রধান অতিথির বক্তৃতায় ডঃ শফিকুর রহমান বলেন নির্বাচিত হলে সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে। যানজটের অভিশাপ থেকে ঢাকাবাসীকে মুক্ত করা হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে সৎ, যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করার হবে। সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। আধিপত্যবাদ মোকাবেলায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এবং আগামীতেও থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর এবি পার্টির আহ্বায়ক সেলিম খান বলেন ২৪ এর জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সম্ভাবনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে চলমান নির্বাচনী প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণ জোয়ার নস্যাৎ করার জন্য নব্য ফ্যাসিবাদী গোষ্ঠী সারাদেশে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। উপস্থিত সংগ্রামী জনতা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করবে ইনশাল্লাহ।
সভায় আরো বক্তব্য রাখেন সেনা কর্মকর্তা কমান্ডার সিদ্দিকুর রহমান, মেজর (অব:) শাহীন, বিগ্রেডিয়ার (অব:) শাহীন, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আহসান উল্লাহ কাসেমী , খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা তৌহিদুজ্জামান, মুফতি আব্দুল আজিজ, স্থানীয় জামায়াত নেতা মোঃ আশরাফুল আলম, এডভোকেট হাসানুল বান্না চপল ও ইঞ্জিনিয়ার মোঃ মোজাম্মেল হোসেন।




