
পতাকা ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রবিবার
বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাতে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি। বিএনপি চাইলে নির্বাচন অর্ধেক সুষ্ঠু হবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যানের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিৎ। তিনি বলেন, অনেক জায়গায় আচরণ বিধি মানা হচ্ছে না, রিটার্নিং কর্মকর্তারা আদেশ প্রতিপালন করছে না। তিনি বলেন স্থানীয়ভাবে ফান্ড ম্যানেজ করে হলেও সব বুথে সিসি ক্যামেরা দিতে হবে নইলে ভালো নির্বাচন হবে না। ইসি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল অভিযোগ করে তিনি বলেন, ভালো নির্বাচন নাহলে এত রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ও কলংকিত হবে। অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান দাবি করেন তিনি। গ্রহনযোগ্য নির্বাচন নাহলে আরেকটা গণ আন্দোলন রচিত হতে পারে বলে হুশিয়ারি দেন মঞ্জু।
বিশেষ করে ফেনীর বিভিন্ন আসনও বরিশাল-৩ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানোর কথা তুলে ধরেন তিনি। সিইসিকে মঞ্জু জানান, ফেনীতে ১০ দলীয় প্রার্থীদের কর্মীদের হুমকি দেয়া হচ্ছে, ভোটকেন্দ্রে না যেতে বলা হচ্ছে, মারার হুমকি দেয়া হচ্ছে। এছাড়া ফেনী-১ আসনের বিএনপির প্রার্থীর লোকজন দলীয় সমাবেশে আসতে সাধারণ ভোটারদের চাপ দিচ্ছে এবং ১০ দলের কর্মীদের বাধা দিয়েছে বলেও সিইসিকে জানান তিনি। তিনি জানান, প্রশাসনের নাকের ডগায় দেদারছে আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে, বিধিমালা লঙ্ঘন করে অসংখ্য রঙ্গিন বিলবোর্ড সাঁটানো হয়েছে, ভোটারদের নানা প্রলোভন দেখানো হচ্ছে কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।
মঞ্জু বলেন, বরিশাল-৩ আসনে জনপ্রিয় প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের প্রচারনায় দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এখনো ভয়ভীতি দেখানো হচ্ছে।
সিইসিকে অবিলম্বে এসব ব্যাপারে হস্তক্ষেপের আহবান জানিয়ে মঞ্জু বলেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারলে নির্বাচন আয়োজন অর্থহীন হয়ে পড়বে। কাঙ্খিত পরিবেশ না পেলে আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেন মজিবুর রহমান মঞ্জু।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে ব্রিফিংকালে এসব কথা জানান মঞ্জু। দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলতাফ হোসাইন এবং এবি যুব পার্টির আহবায়ক শাহাদাত উল্লাহ টুটুল এই সময় তার সাথে ছিলেন।
পরে সন্ধ্যায় পুলিশ হেড কোয়ার্টার্সে আইজিপি ডাক্তার বাহারুল আলমের সাথে সাক্ষাৎ করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযানের দাবি জানান। আইজিপি সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।




