বিনোদন

নিজের সব সিনেমা নিষিদ্ধ করতে বললেন টুইঙ্কেল খান্না!

একসময়ের বলিউড অভিনেত্রী, লেখক-প্রযোজক টুইঙ্কেল খান্নার সম্প্রতি ‘পায়জামাস আর ফরগিভিং’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেছেন, যেসব সিনেমায় তিনি অভিনয় করেছেন, সব নিষিদ্ধ করা হোক— যেন একজনও আর দেখতে না পারে।
উপস্থিত বুদ্ধির জন্য এই অভিনেত্রী বেশ পরিচিত। বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্বামী অক্ষয় কুমার ও মা ডিম্পল কাপাডিয়া।
অনুষ্ঠানে খ্যাতিমান পরিচালক-প্রযোজক করণ জোহর, অভিনেতা রণবীর সিং, সোনম কাপুর আহুজা, ববি দেওল, তানিয়া দেওল, আর বালকি, গৌরী সিন্ধে, অভিষেক কাপুরসহ অনেক বলিউড তারকা উপস্থিত ছিলেন।
১৯৯৫ সালে ‘বরসাত’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় টুইঙ্কেল খান্নার। এরপর ‘ইতিহাস’, ‘জুলমি’ ও ‘মেলা’ ছবি করেন, কিন্তু সেগুলো দর্শকপ্রিয়তা পায়নি। ২০০১ সালে অক্ষয় কুমারকে বিয়ে করার পর অভিনয় ছেড়ে দেন।
টুইঙ্কেল খান্নাকে জিজ্ঞেস করা হয়, তাঁর কোন ছবিটি পুনর্নিমাণ করা যেতে পারে? হেসে উত্তর দেন, ‘আমার একটিও হিট ছবি নেই। ভাবি, আমার সব ছবি নিষিদ্ধ করা হোক, যাতে একজনও দেখতে না পারে।’
এর আগে টুইঙ্কেল ‘দ্য লিজেন্ড অব লক্ষ্মীপ্রসাদ’ নামে একটি বই প্রকাশ করেছিলেন। বইটি ছিল তাঁর ছোটগল্পের সংকলন। ওই বই থেকে একটি সিনেমাও নির্মাণ করা হয়। ছবিটি ব্যাপক সাফল্য পায়। নাম ‘প্যাডম্যান’। ছবিটি প্রযোজনাও করেন তিনি। খবর ইন্ডিয়া টিভিনিউজের।

নতুন বই থেকেও কি সিনেমা নির্মাণ করার ইচ্ছে আছে? টুইঙ্কেল বলেন, ‘আমি মনে করি না আমার বইয়ের গল্প নিয়ে সিনেমা তৈরি করতে হবে। গল্প লিখে আমি আমার কাজ করেছি এবং সবসময় এতেই আগ্রহী।’
নতুন বই সম্পর্কে টুইঙ্কেল খান্না বলেন, ‘এটা আমার তৃতীয় বই। যা আমি করেছি, সেসবের দিকে যদি তাকাই, দেখি পৃথিবীতে নারী তাদের জায়গা খুঁজে পাচ্ছে।’
বইয়ে খুবই সুপরিচিত এক রাজনীতিকের নাম আছে। সেটা নিয়ে কি বিতর্ক হতে পারে? টুইঙ্কেল বলেন, ‘আমি মনে করি না এমন কিছু লিখেছি, যার সপক্ষে বলার মতো কিছু নেই। যা লেখা হয়েছে, তা আসলে ঠাট্টা। আশা করি, পাঠক বইটি উপভোগ করবে।’
টুইঙ্কেলের ছেলে আরাব এখন কৈশোর পার করছে। পাঁচ বছরের একটি মেয়েও আছে তাঁর, নাম নিতারা। নিজেকে নারীবাদী দাবি করা টুইঙ্কেলের কি মেয়ের জন্য বিশেষ কোনো উপদেশ বা পরামর্শ আছে? তাঁর উত্তর, মেয়েকে যে উপদেশ বা পরামর্শ দেওয়া যায়, তা নিজেকে দিলেই মঙ্গল। তিনি তা-ই করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button