নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান, ভারতীয় মদ উদ্ধার

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুর: নালিতাবাড়ী উপজেলা সীমান্তবর্তী এলাকায় পুলিশের অভিযানে পাঁচটি বস্তা থেকে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার চাটকিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য পাচারের তথ্য পেয়ে উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন ও রাসেল রৌহান চৌধুরী–এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় বহন করা পাঁচটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে মোট ৮৬ বোতল ভারতীয় ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদ জব্দ করে নালিতাবাড়ী থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নুরুল আমিন।

Back to top button