নাটোরে বিরোধের জেরে বাগানের গাছ ও ফসল কেটে জমি দখল
নাটোর প্রতিনিধি : নাটোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে বাগানের গাছ ও ফসল কেটে নষ্ট করার পর ৪৯ শতক জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নাটোর সদর উপজেলার বাগরোম গ্রামের আব্দুস সাত্তার ও তার পরিবারের লোকজন ভোর রাতে সেহেরী খেয়ে ঘুমানোর পর সকালে জেগে উঠে বাগানের সব গাছ কাটা অবস্থায় দেখতে পান। কৃষক আব্দুস সাত্তার বলেন. দেড় বিঘা জমির আম, লেবু ও লিচু গাছ ও বেগুনসহ বিভিন্ন ফসলের গাছ কেটে ফেলে প্রতিপক্ষ একই গ্রামের আসক আলী, আকরাম হোসেন, জাহিদ, বাদশা ও বাছেদসহ প্রতিপক্ষরা। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন আব্দুস সাত্তার। থানায় লিখিত অভিযোগে বলা হয়, গত ৪২ বছর থেকে বাগরোম মৌজার ওই জমিটি ভোগ দখল করে আসছেন তিনি। এছাড়া রেকর্ড সংক্রান্ত একটি মামলা হলে তাতেও তিনি ২২ বছর আগে রায় পেয়েছেন। এর মধ্যে কোন কথা না থাকলেও সম্প্রতি ওই জমি পুনরায় দাবি করে হুমকি ধামকি দিচ্ছিল প্রতিপক্ষরা। এনিয়ে একাধিক গ্রাম্য সালিশেও আব্দুস সাত্তার রায় পেয়েছেন। ফলে প্রতিহিংসা পরায়ন হয়ে গত বৃহস্পতিবার ভোর রাতে দলবল নিয়ে গাছগুলো কেটে নষ্ট করে তারা। আব্দুস সাত্তার বলেন, জমি নিয়ে দ্বন্দ্ব হলে দেশে বিচার আদালত আছে পরিবেশের বন্ধু গাছ কেটে বিনষ্ট করার কোন প্রয়োজন ছিল না। তিনি তার ফল ধরা গাছ কেটে ফেলায় যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ ও হামলার তদন্ত করে বিচার দাবি করেন। এ ব্যাপারে অভিযুক্ত আকরাম হোসেন বলেন, জমির কিছু ফসল কেটে তারা দখল নিয়েছেন মাত্র, কোন স্থায়ী গাছ কাটা হয়নি। জমিটি তাদেরই কিন্তু রাজনৈতিক নানা কারণে এতো দিন তারা দখল নিতে পারেননি। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বলেছেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



