নাটোরে অনুপ্রবেশকারী যুবদল ক্যাডারের হাতে আওয়ামী লীগ নেতাকে লাঞ্চিত করার ভিডিও ভাইরাল ॥ নিন্দার ঝড়

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক ও জেলার অন্যতম সিনিয়র আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলুকে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের উপস্থিতিতে বিএনপি থেকে সদ্য যোগদানকারী যুবদল ক্যাডার কোয়েলের হাতে লাঞ্ছিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাব ভাইরাল হয়েছে। বিষয়টি নাটোরে টক অব দি টাউনে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ উপলক্ষে বুধবার নাটোর সদর ও পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম রমজানের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় সংসদ সদস্যের উপস্তিতিতে বিএনপি থেকে সদ্য যোগদানকারী যুবদল ক্যাডার কোয়েল সংসদ সদস্যের সামনে আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলুকে পাঞ্জাবী এবং মুজিব কোর্ট ধরে টানা হেঁচড়া করতে দেখা যায়। এক পর্যায়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তাকে জড়িয়ে ধরে সরিয়ে নেন। এ নিয়ে দুই পক্ষে হঠাৎ উত্তেজনা শুরু হলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বুধবার দুপুরে এন এস সরকারি কলেজ মিলনায়তনে সভা চলাকালীন এ ঘটনা ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নিন্দা ও সমালোচনার ঝড় উঠে। ঘটনার সাথে জড়িত কোয়েল সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সমর্থক হিসেবে শহরে ব্যাপক ভাবে পরিচিত। ছাত্রলীগ নেতা নিশান প্রামানিক জানান, আর কত প্রবীণ আওয়ামী লীগ নেতাদের জামাত-বিএনপি থেকে আসা অনুপ্রবেশকারী হাইব্রিডদের হাতে নির্যাতিত হতে হবে। এদের কে আইনের আওতায় এনে খুব দ্রুত বিচার করা হোক, নয়তো আমরা কিন্তু বসে থাকবো না।
রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতির জনকের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মোতাহার আলীর সন্তান এবং নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলুর মতো একজন প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্বকে পাঞ্জাবির কলার ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। বিএনপি থেকে অনুপ্রবেশকারী হাইব্রিড সন্ত্রাসী কোয়েল কে দিয়ে এভাবে দলের সিনিয়র নেতৃবৃন্দের সামনে লাঞ্ছিত করা হলো। তিনি প্রশ্ন করেন এই কোয়েল এত সাহস পায় কোথা থেকে। আর তার মদদ দাতাই বা কে?। যুবলীগ নেতা শরিফুল ইসলাম শরীফ বলেন, নব্য আওয়ামী লীগার কোয়েল প্রথমে বিএনপির হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়েছে। এখন আওয়ামী লীগে যোগ দিয়ে দলের প্রবীন নেতাকে শারীরিক ভাবে নির্যাতন করছে। দলের সিনিয়র নেতার সাথে এমন আচরণ মোটেই সুখকর নয়। এরা দলের শত্রু। সাবেক ছাত্রলীগ নেতা সুপ্রিয় ভৌমিক বলেন, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মরহুম সৈয়দ মোতাহার আলীর পুত্র নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক সর্বজন সমাদৃত সৈয়দ মোর্তজা আলী বাবলুকে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বিএনপি থেকে আওয়ামীলীগে আসা ইমপোর্টেড কোয়েল কলার ধরে লাঞ্চিত করল! তার এই দুঃসাহসের ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এই কোয়েলের খুটির জোড় কোথায় তা নাটোরবাসী জানে, এই ঘটনার নেপথ্যের নায়ক কে তাও কারো কাছে অজানা নয়। এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদের পাশাপাশি নেপথ্যের নায়কদের বিরুদ্ধে দলীয় শাস্তির জোর দাবী জানাচ্ছি। এ ব্যাপারে অভিযুক্ত কোয়েলের বক্তব্য জানার জন্য একাধিবার কল দেয়া হলেও কোয়েল ফোন রিসিভ করেননি ।




