
এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা–দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁদের আড়াই বছরের একটি শিশু ছিল।
স্থানীয়দের ভাষ্য, রাত আটটার দিকে শহিদা বেগমের কান্নার শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত বাড়িতে গিয়ে টিউবওয়েলের পাশে গলাকাটা অবস্থায় শহিদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। সে সময় তাঁর ছোট শিশুটি ঘুমিয়ে ছিল।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে একজন নারীর গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




