নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে ৩ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিনিধি,নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে গড়ে উঠা ৩ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের বিশেষ টীম। আর অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর।
আজ মঙ্গলবার ১২জানুয়ারী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু ফাত্রাঝিরি এলাকার এডভোকেট শহিদের মালিকানাধীন এস.এইচ.বি ও ভালুকিয়া পাড়ার হায়দার আলীর মালিকানাধীন এইচ.কে.বি এবং রেজু গর্জনবনিয়া এলাকার সাজু বড়ুয়া’র মালিকানাধীন এইচ.এস.বি সহ ৩টি ইটভাটা সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দেয় পরিবেশ অধিদপ্তর।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্টেট সাদিকুর রহমান সবুজ।
অভিযানকালে উপস্হিত ছিলেন, কক্সবাজার জেলার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মুহাম্মদ নাজমুল হুদা, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সংযুক্ত দাশ গুপ্ত, মঈনুল হক, পরিদর্শক মাহবুবুল ইসলাম, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের জুনিয়র কেমিস্ট আবদুস সালাম কক্সবাজার র্যাবের হোয়াইক্যং ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মোঃ শাহ আলম, সহ র্যাব,পুলিশ,বিজিবি এবং দমকল বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্টেট সাদিকুর রহমান সবুজ বলেন, কক্সবাজারে ১০৫টি ইটভাটার মধ্যে ৬২টি ইটভাটা অবৈধ। আর বান্দরবান জেলার সমস্ত ইটভাটা অবৈধ। যে ইটভাটা গুলোতে কোন ধরণের পরিবেশ অধিদপ্তরেরর ছাড়পত্র ও ইট পুড়ানোর ছাড়পত্র নাই। এসমস্ত অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে, এর অংশ হিসেবে আজকের এই অভিযান। পালাক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


