sliderস্থানিয়

নলছিটিতে হত্যা মামলার আসামি ছিনতায়ের অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলন সভাপতির বিরুদ্ধে

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলার পলাতক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী ইসলামী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে। হত্যা মামলার পলাতক আসামি মোঃ আল-আমিন সরদার ও ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত আবু মুছা সরদার সরমহল গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি ও ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক ইছহাক সরদারের ছেলে। তার এক ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান সরদার ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ ঈসা সরদার।

জানা গেছে,রোববার (৩ আগস্ট) দিবাগত রাতে নলছিটি থানার এসআই আখতার হোসেন উপজেলার সরমহল গ্রামের একটি হত্যা মামলার পলাতক আসামি আল-আমিন সরদারকে মানপাশা বাজার এলাকা থেকে আটক করেন। আটকের খবর পেয়ে আসামির ভাই আবু মুছা সরদার দলবলসহ সেখানে গিয়ে হাজির হন। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ এবং ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হিসেবে পরিচয় দেন। তিনি পুলিশকে আসামি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে আবু মুছা সরদার ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ওই অবস্থায় আল-আমিনকে ছিনিয়ে নেয় দলটি। এতে এসআই আখতার হোসেন গুরুতর আহত হন বলে জানা গেছে। পরে নলছিটি থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে ছিনিয়ে নেওয়া আসামির ফেলে যাওয়া একটি গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে আল-আমিন সরদার এবং আবু মুছা সরদারসহ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান,“ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button