
ঝালকাঠি প্রতিনিধি:”প্লাস্টিকের দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ জুন (বুধবার) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নাসরিন খানম, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন প্রমুখ।
এ সময বক্তারা পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার সীমিত করতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিংয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিবেশগত বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নজরুল ইসলাম বলেন, প্লাস্টিকের বিকল্প তৈরি ও ব্যবহারে আমাদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগাতে হবে। এটি শুধু সরকারের কাজ নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। গাছ লাগানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে পরিবেশ রক্ষা করা সম্ভব উল্লেখ করেন প্রধান অতিথি।
তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষার বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করতে হবে, যেন শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা গড়ে ওঠে।”
আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল কবীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থীরা এবং বিডি ক্লিনের স্থানীয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




