slider

নলছিটিতে নকল সহযোগিতায় শিক্ষককে অর্থদন্ড, পরীক্ষার্থীকে বহিস্কার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে চলমান দাখিল পরীক্ষায় নকলে সহযোগিতা করায় এক শিক্ষককে
১০হাজার টাকা জরিমানা ও পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২ মে) নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়(দাখিল পরীক্ষা) কেন্দ্রে আরবী প্রথম পত্র পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে নকলে সহযোগিতার অভিযোগে এ কে আজাদ নামে এক মাদ্রাসা শিক্ষককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং
অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা এ আদেশ প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাদরাসা কেন্দ্রে নকলের মহোৎসব চলছিল। খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা ওই কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি এক শিক্ষককে নকলে সহযোগিতা করতে দেখে তাৎক্ষণিক তাকে ১০হাজার টাকা জরিমানা এবং দায়িত্ব থেকে প্রত্যাহার করেন। এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে সরমহল দাখিল মাদরাসার এক পরীক্ষার্থীকে বহিস্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অর্থদন্ডপ্রাপ্ত এ কে আজাদ নলছিটি উপজেলার ভৈরবপাশা দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক।
কেন্দ্র সুপার মাওলানা মো. বাহাউদ্দিন নাসিম জানান, পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষক পরীক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন।

সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button