
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি থেকে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৪ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে নলছিটি থানাধীন রানাপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কাঠিপাড়া এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, এফ এম ইমন হোসেন (১৯), পিতা এফ এম কামাল হোসেন এবং মো. মোস্তফা ফকির (২১), পিতা আব্দুস ছত্তার ফকির। উভয়ই উপজেলার ভেরনবাড়িয়া গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি দল বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় নুপুর বেগম নামের এক নারীর বসতবাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর থেকে দুই যুবককে আটক করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি চালিয়ে ইমন হোসেনের পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিকেল ৫টা ১৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা গোয়েন্দা শাখা নিশ্চিত করেছে।




