
মো:শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: জুলাই যোদ্ধা নলছিটির সন্তান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নলছিটি শহরের পৈত্রিক বসতঘরে চুরির ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে ঝালকাঠির নলছিটি থানা পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন শহরের খাসমহল এলাকার কুদ্দুস মাঝির ছেলে রাসেল মাঝি, নাসির সরদারের ছেলে রাসেল সরদার ও আব্দুল বারেক বেপারীর ছেলে সাইফুল।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার বিজয়নগরে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি । এ খবর পেয়ে ও-ই ঘরে বসবসকারী হাদির বোন ও ভগ্নিপতি বাসা খালি রেখে ওইদিন বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। এ-ই সুযোগে শুক্রবার দিবাগত রাতে অর্থাৎ শনিবার ভোর রাত পাঁচটার দিকে ওই বাসার দক্ষিন দিকের একটি জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে বাসার স্টিল আলমারি খুলে স্বর্ণালংকার, নগদ টাকা ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায় চোর চক্র । সকালে প্রতিবেশীরা ওই ঘরের জানালা ভাঙা অবস্থায় দেখেন। এ সময় এক প্রতিবেশী জান্নাতি বেগম পৌর এলাকার নান্দিকাঠি গ্রামে বসবাসরত হদীর বড় বোন ফাতেমা বেগমকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি বাসায় এসে ঘরের তালা খুলে দেখেন ঘরের জানালার গ্রিল ভাঙা, স্টিল আলমারি খোলা এবং নগদ টাকা ও কাপড় চোপড় নেই।
ফাতেমা বেগম জানান, ওই বাসায় তার ছোট বোন মাছুমা বেগম ও ভগ্নিপতি থাকতেন। ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তারা ঢাকায় চলে যান। এ সময় বাসা খালি ছিল। চোরের দল ঘরের জানালার গ্রিল ভেঙে স্টিল আলমারি খুলে স্বর্ণালঙ্কার, টাকা ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ওই বাসায় চুরির ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। গ্রেফতার তিন যুবকের বিরুদ্ধে বিভিন্ন সময় চুরিসহ নানা অভিযোগে থানায় মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে এ চুরির ঘটনায় সন্ধিগ্ধভাবে ওই তিন যুবককে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।




