নর্থ সাউথের অভিযুক্ত প্রো-ভিসিকে বরখাস্ত

গ্রেফতার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন ছিলেন। সম্প্রতি তাকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরেরও দায়িত্ব দেয়া হয়েছিল।
আজ সোমবার তাকে বিশ্ববিদ্যালয়ের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক বেলাল আহমেদ নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর অধ্যাপক আতিকুল ইসলাম প্রো-ভাইস চ্যান্সলরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন। ভিসির এ নির্দেশ আজ থেকেই কার্যকর হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান, তার ফ্ল্যাটের কেয়ারটেকার মাহবুবুর রহমান ও ভাগ্নে আলম চৌধুরীকে গত শনিবার গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলাকারীদের আশ্রয় ও হামলায় সহায়তার অভিযোগ আনা হয়েছে। গত রোববার আদালত পুলিশের অভিযোগ ও রির্পোর্টের ভিত্তিতে গিয়াস উদ্দিন আহসান ও তার সাথে গ্রেফতার হওয়া দুইজন এবং মিরপুর থেকে গ্রেফতার হওয়া স্কুলশিক্ষককে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।




