নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নেমে আজাহার আলী নামে এক বৃদ্ধ পানি ডুবে মারা গেছেন। রোববার বেলা ১০ টার দিকে উপজেলার হলহলিয়া রেলসেতু এলাকায় ঘাটে এ ঘটনা ঘটে। পরিবারের সূত্রে জানাযায় ওই বৃদ্ধ মানসিক রোগী ছিলেন।
নিহত আজাহার আলী (৬২) উপজেলার অনন্তপুর পূর্বপাড়া গ্রামের মৃত কায়েমউদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসীরা জানান, বৃদ্ধ আজাহার আলী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। চিকিৎসকের পরার্মশ অনুযায়ী আজাহার ঘুমের ওষুধ সেবন করেন ও শনিবার রাতে ঘুমের ওষুধ খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তিনি নদীতে গোসল করতে যান। সকাল নয়টার দিকে হলহলিয়া রেলসেতুর দক্ষিণপাড়ে নদীতে নেমে ডুব দিয়ে আর উঠছিলেন না। তখন হলহলিয়া রেলসেতুর দর্শনার্থীরা বিষয়টি স্থানীয়দের জানান। এরপর লোকজন নদীতে নেমে বৃদ্ধ আজাহার আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষনা করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দক বলেন, বৃদ্ধ আজাহার আলী কিছুটা মানসিক রোগী ছিলেন। তিনি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। এঘটনায় থানায় ইউ ডি মামলা হয়েছে।




