
এবার নতুন পদ্ধতিতে হচ্ছে এমবিবিএস প্রথম বর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা। আগামী ১১ অক্টোবর সারা দেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে এমবিবিএস ভর্তি (২০১৯-২০ শিক্ষাবর্ষ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার ভিত্তিতে গ্রহণের জন্য প্রেসে প্রশ্নপত্র না ছাপানোসহ সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাত্র দুই পাতার প্রশ্ন ও উত্তরপত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে। আর প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্র হবে ভিন্ন।
সোমবার (০৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৩৬টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৬৮ আসন ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ৩৩৬ আসনসহ মোট ১০ হাজার ৪০৪ আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।
এবার রাজধানী ঢাকার পাঁচটি কেন্দ্রের ১১টি ভেন্যুতে ৩৫ হাজার ৯৮৫ জন প্রার্থী এবং ঢাকার বাইরে ১৫টি জেলায় ৩৬ হাজার ৯৪৩ জন প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, আগে আট পৃষ্ঠা থাকলেও এবছর মাত্র দুই পাতার প্রশ্ন ও উত্তরপত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে। আর প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্র হবে ভিন্ন। এছাড়াও সাইবার ক্রাইম প্রতিরোধ এবং পরীক্ষার আগের দিন রাত ১০টা থেকে পরীক্ষার দিন সকাল ১১টা পর্যন্ত ইন্টারনেটের গতিসীমিত রাখার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বিটিআরসিকে সুপারিশ করা হয়েছে।
তিনি জানান, এবছর প্রশ্নপত্র প্রণয়নে প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে। প্রশ্নপত্র প্রেরণের জন্য ট্রাংকের সঙ্গে সংযুক্ত ট্র্যাকিং ডিভাইসসমূহ প্রস্তুত করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তাদের গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, পরীক্ষায় অংশগ্রহণকারীদের পরীক্ষার দিন ৯টার মধ্যে এবং পরীক্ষা সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সকাল ৮টার আগেই পরীক্ষা কেন্দ্রে আবশ্যিকভাবে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য কেন্দ্রসমূহ তদারকির জন্য মন্ত্রণালয় থেকে ১০৭ জন কর্মকর্তার সমন্বয়ে কেন্দ্র ও ভেন্যুভিত্তিক টিম গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ভর্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর, ঘড়ি, হেডফোন, ব্লু-টুথসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।




