নতুন তিন গান নিয়ে নিশীতা বড়ুয়া

বিনোদন ডেস্ক : নতুন মৌলিক তিনটি গান গেয়েছেন বন্ধু তোমায় মনে পড়ে খ্যাত সঙ্গীতশিল্পী নিশীতা বড়ুয়া। তিনটি গানের সুর করেছেন পার্থ বড়ুয়া, বেলাল খান ও জাহাঙ্গীর রানা। এরই মধ্যে জাহাঙ্গীর রানার লেখা ও সুর করা এবং শানের সঙ্গীতায়োজনে করা হিয়া শিরোনামের গানটি গত ২৪ জুন মিউজিক ভিডিও করার পর আপলোড করা হয়েছে। এরই মধ্যে গানটি ১৫ লাখেরও বেশি দর্শক দেখেছেন।
পার্থ বড়ুয়ার লেখা, সুর ও সঙ্গীতায়োজনে অমর শিরোনামের আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন। এতে নিশীতা বড়ুয়াও গেয়েছেন পার্থ বড়ুয়ার সাথে। আগামী ১৭ জুলাই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলে জানান নিশীতা বড়ুয়া। ঈদের আগে নিশীতা বড়ুয়া ইশতিয়াকের লেখা ও বেলাল খানের সুর-সঙ্গীতে ভুল শিরোনামের আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন। এই গানটির মিউজিক ভিডিওর শুটিং দ্রুত শুরু হবে বলে জানান নিশীতা। নতুন দু’টি মৌলিক গান কোরবানির ঈদে ইউটিউবে আসবে বলে নিশ্চিত করেন নিশীতা।
নতুন তিনটি গান প্রসঙ্গে নিশীতা বলেন, ‘পার্থ বড়ুয়া দাদার সুর করা বন্ধু তোমায় মনে পড়ে গান দিয়েই তো শ্রোতা দর্শক আমাকে চেনেন। সবসময়ই তার প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তার সুর-সঙ্গীতে বহু গান গেয়েছি আমি। বেলাল ভাই আমাকে নিয়ে একটি গান করার আগ্রহ প্রকাশ করছিলেন। অবশেষে বেশ ভালোভাবেই গানটি হলো। এই দু’টি গানই অনেক ভালো হয়েছে। আবার হিয়া গানটির জন্য প্রচুর সাড়া পাচ্ছি। সবমিলিয়ে এখন আমি পূর্ণ মনোযোগ দিচ্ছি গানে। গান ছাড়া আর কিছুই ভাবতে চাচ্ছি না’।
নিশীতা বড়ুয়ার একক তিনটি অ্যালবাম হচ্ছে- বন্ধু তোমায় মনে পড়ে, আমায় নিয়ে চলো এবং পূজিব তোমায় সুর-সঙ্গীতে। নিশীতা প্রথম প্লেব্যাক করেন মোহাম্মদ হোসেন জেমীর বাজাও বিয়ের বাজনা চলচ্চিত্রে। এরপর আরো বেশকিছু চলচ্চিত্রে প্লেব্যাক করেন।




