নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে : সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে কী ধরনের চমক থাকছে তা আমি আর প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানে না। রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে।’
শুক্রবার রাত ৮টার দিকে হোটেল সোনারগাঁওয়ে সম্মেলনে আমন্ত্রিত বিদেশী অতিথিদের সাথে এক নৈশভোজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সম্মেলনকে ঘিরে বিভিন্ন নামে যে স্লোগান শোনা যাচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সব স্লোগান কাজে আসবে না।’
আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কালকের মধ্যে শেষ হবে।’
সন্ধ্যা সাড়ে ৭টায় এই নৈশভোজ শুরু হয়। সম্মেলন অভ্যর্থনা উপ-কমিটি এর আয়োজন করে। আগত বিদেশী অতিথিদের সম্মানার্থে প্রতি টিমে একজন করে সংসদ সদস্য রয়েছেন। তারাও এই নৈশভোজে উপস্থিত ছিলেন।
এবারের সম্মেলনে ১২টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক প্রতিনিধি যোগ দিচ্ছেন।
রাশিয়া, চীন, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, অস্ট্রিয়া, নেপাল, ভুটান ও শ্রীলংকার প্রতিনিধিরা আওয়ামী লীগের ২০তম সম্মেলনে অংশ নিচ্ছেন।




