
সাইফুদ্দিন আহমেদ নান্নু
আমাদের কথিত অভিজাত,বিত্তবান এবং শিক্ষিত শ্রেনীর কাছে নজরুল সবচেয়ে উপেক্ষিত কবি ।
নির্মম হলেও সত্য এরাই এ দেশের সমাজ রাষ্ট্র রাজনীতি এবং মিডিয়াকে নিয়ন্ত্রন করে।
আর একদল উচ্চমার্গের সুবিধাবাদী পণ্ডিত মনে করে,নজরুল চর্চা করে চট করে প্রগতিবাদীর তকমা লাগানো কঠিন। তাই তারা এপথে হাঁটেন না। যতটুকু হাঁটেন তা নিছকই লোক দেখানো।
নজরুল যত শ্যামা সঙ্গীত,ভজন রচনা করেছেন তা করতে পারেননি কোনো পুরোহিত আর যত ইসলামি গান রচনা করেছেন তা পারেননি কোন ইসলামি চিন্তাবিদ।
আর এটা করেই নজরুল যেন তাঁর জাত খুঁইয়েছেন, এজন্য না মুসলমান তারে নেয়,না হিন্দু তারে আপন ভাবে। আর ধর্ম মানেই বিষ বলে যারা বিশ্বাস করেন তাদের কাছে নজরুল অনেক দূরগাঁয়ের কেউ।
অথচ বাংলার আর কোন কবি তাঁর গানে, কবিতায়,প্রবন্ধ,ভাষণে অসাম্প্রদায়িক চিন্তা,চেতনার কথা এত স্পষ্ট করে, সাহসের সাথে উচ্চারণ করেন নি। বাঙালীর ধর্ম, তার ধর্মচর্চ্চার ভেতরের অসঙ্গতিকে নজরুলের মত কেউ আঘাত করেন নি। সাধারণ মানুষের পক্ষে,অন্যায়,অসুন্দর, অকল্যাণ,অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের মত বিরামহীন লিখেনও নি কেউ।
অথচ,নজরুলের জন্ম,মৃত্যু বার্ষিকীর আলোচনায়,তাঁর কবিতা,গান চয়নে চেনা কিছু প্রেমের গান,ইসলামী গানকেই বারবার সামনে এনে খন্ডিত নজরুলকে পরিকল্পিতভাবে উপস্থাপন করা হয়। আড়াল করা হয় নজরুলের দ্রোহ, প্রগতিশীল, অসাম্প্রদায়িক অংশকে,যে অংশে বাস করে আসল নজরুল,মানবতার নজরুল।
শুভ জন্মদিন প্রিয় কবি,লহ শ্রদ্ধাঞ্জলি।
♥




