বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অপরাজিতা’র স্বত্বাধিকারী শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডে পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার তদন্তকারী ডিবির রমনা বিভাগের একটি টিম শারমিন জাহানকে আদালতে তুলে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহবাগ থানায় দায়ের হওয়া মামলার এজাহারে শারমিনের বিরুদ্ধে নকল মাস্ক সরবরাহসহ যেসব বিষয়ে অভিযোগ করা হয়েছে, সেসব বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিএসএমএমইউ হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহের তথ্য গত মঙ্গলবার দেশ রূপান্তরের কাছে স্বীকার করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
তারা জানায়, ‘অপরাজিতা ইন্টারন্যাশনাল’ নামে দেশি একটি প্রতিষ্ঠান চীনের ‘থ্রিএম কোম্পানি’র লোগো বসিয়ে এসব মাস্ক সরবরাহ করে।
এ ঘটনায় অপরাজিতার স্বত্বাধিকারী শারমিন জাহানকে শোকজ ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে মামলা দায়ের করা হয়।
শারমিন জাহান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সর্বশেষ আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে ছিলেন। তার আগের মেয়াদে দলের কেন্দ্রীয় উপকমিটিতে সহসম্পাদক পদে ছিলেন।




