জাতীয়শিরোনাম

নওগাঁয় ৩ বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের মালদা জেলার ক্যাদারীপাড়া ক্যাম্পর বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- পোরশা উপজেলার বিষ্ণুপুর বিজলীপাড়ার গ্রামের শুকরার ছেলে সদিপ, কাঁটাপুকুর গ্রামের মৃত-জিল্লুর রহমানের ছেলে কামাল এবং চকবিষ্ণুপুর দিঘিপাড়ার মৃত-খোদাবক্সের ছেলে মফিজুল উদ্দিন।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশের বেশ কিছু গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারত যান। গরু নিয়ে ভোরে সীমান্তে ২৩১/১০ (এস) মেইন পিলার এলাকা দিয়ে আসার পথ ক্যাদারীপাড়া ক্যাম্পর টহলরত বিএসএফ জোয়ানরা তাদের পিছন থেকে গুলি করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও ভারতের ১০০গজ ভেতরে সদিপ ও কামাল মারা যান। তবে গুলিবিদ্ধ অবস্থায় মফিজুল বাংলাদেশে চলে আসেন। পরে তিনিও মারা যান।
বিজিবি-১৬ হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বপশ্চিমকে বলেন, তিনজন গুলিবিদ্ধ হলেও এদের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত পার হয়ে বাংলাদেশের মধ্যে এসে মারা গেছেন। দুইজন ভারতে মারা গেছেন।
বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button