slider

নওগাঁয় খাদ্য পরিদর্শক অহিদুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা

নওগাঁ প্রতিনিধি : দূনীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয় স্থাপিত হওয়ার পর প্রথম মামলা দায়ের হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মজুদ থাকায় জেলার পোরশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পরিদর্শক মোঃ অহিদুল ইসলামের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। দূনীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয় বৃহষ্পতিবার জানিয়েছে দাখিলকৃত সম্পদ বিবরনী’র চেয়ে ৮২ লক্ষ ৬৮ হাজার ৫২৭ টাকা অতিরিক্ত প্রমানিত হওয়ায় দুদক এই মামলা দায়ের করেছে। মোঃ অহিদুল ইসলামের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন চকসিদ্ধেশরী গ্রামে। বর্তমানে নওগাঁ শহরের উকিলপাড়ায় ভিআইপি টাওয়ারে ডি-৯ নাম্বার ফ্লাটে বসবাস করেন।
গোপন সংবাদের ভিত্তিতে দুদক উক্ত অহিদুল ইসলামের সম্পদের হিসাব বিবরনী তলব করে। সে প্রেক্ষিতে সে তার জ্ঞাত আয় হিসেবে ২৯ লক্ষ টাকা মূল্যের স্থাবর এবং ৩৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের অস্থাবর সর্বমোট ৬২ লক্ষ ৬০ হাজার টাকার সম্পদ রয়েছে বলে দাখিলকৃত সম্পদ বিবরনীতে উল্লেখ করে। পরবর্তীতে দুদক অনুসন্ধান চালিয়ে প্রাথমিক পর্যায়ে ৩৯ লক্ষ ১৭ হাজার ৪১০ টাকা স্থাবর ও ৫৮ লক্ষ ৮৪ হাজার ২০৭ টাকা অস্থাবর সম্পদ মিলিয়ে মোট ৯৮ লক্ষ ১ হাজার ৬১৭ টাকা মূল্যের সম্পদের সন্ধান পায়।
পরবর্তীতে আরও গভীরভাবে অনুসন্ধান করলে দুদক তার স্থাবর অস্থাবর মিলিয়ে ১ কোটি ১৩ লক্ষ ৫১ হাজার ৬১৭ টাকার সম্পদের অনুসন্ধান লাভ করে। দুদক সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করে অহিদুল ইসলামের প্রকৃতভাবে ৩০ লক্ষ ৮৩ হাজার ৯০ টাকা বৈধ আয়ের সন্ধান পেয়েছে । এই হিসাব অনুযায়ী জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ন ৮২ লক্ষ ৬৮ হাজার ৫২৭ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছে যা দূনীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের প্রেক্ষিতে উক্ত খাদ্য পরিদর্শক মোঃ অহিদুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উক্ত মামলা নম্বর ১ তারিখ ১৩-০৯-২০২২ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button