
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত এক যুবকের (৪০) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় ধামরাই উপজেলা কমপ্লেস্কের নতুন চারতলা ভবনের তৃতীয় তলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গত শনিবার দিনগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। রাত ৯টার দিকে ধামরাই থানা, সিআইডি পুলিশ ও র্যাব সদস্যরা প্রযুক্তির মাধ্যমে ফিঙ্গার পরীক্ষা করে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছেন বলে থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ধামরাই উপজেলা কমপ্লেস্কের নতুন ভবনের তৃতীয় তলার বাথরুমে প্যান্ট-শার্ট পরিহিত অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত লাশ দেখতে পান। এরপর পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করেন। তবে রাত ৯টায়ও তার পরিচয় শনাক্ত করতে পারেনি।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহত যুবকের মাথাসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা শনিবার দিনগত রাতে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঢাকা থেকে আসা সিআইডি পুলিশ ও র্যাব সদস্যরা প্রযুক্তির মাধ্যমে ফিঙ্গার পরীক্ষা করে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।




