ধামরাইয়ে সিএনজি-প্রাইভেটকার মুখোমুুখি সংঘর্ষে মা ও দুই ছেলেসহ নিহত ৩

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টায় ধামরাই-ধানতারা আঞ্চলিক সড়কের ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে-ধামরাইয়ের ভাড়ারিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম (৪৫) তার দুই ছেলে নাসিব খান (২৩) ও ছোটন খান (১৮)। তারা ঢাকায় এক আত্মীয় বাড়ি থেকে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে সিএনজিযোগে ভাড়ারিয়া নিজ বাড়িতে যাচ্ছিল বলে জানা গেছে। এ দুঘটনায় নিহতের অপর আত্মীয় তুষার খান ও সিএনজি চালক শাহ আলমকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, পিয়ারা বেগম তার দুই ছেলেকে নিয়ে আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে সিএনজিযোগে রওনা হন। তারা ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছোটন খানকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত পিয়ারা বেগম ও তার অপর ছেলে নাসিব খানকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় হাসপাতালের নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়েছে বলে নিহত ছোটন খানের চাচাতো ভাই হৃদয় সমকালকে নিশ্চিত করেছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর কর্তব্যরত চিকিৎসক সায়লা শায়মিন জেসি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পিয়ারা বেগম ও তার অপর ছেলে নাসিব খানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পথে তাদের মৃত্যু হতে পারে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি আতিকুর রহমান রাত পৌনে ১২টায় বলেন, দুই জনের মৃত্যুর খবর শুনেছি।




