ধামরাইয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের করিম-কাইয়ূম-তারা গ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শিপার হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৪। ধর্ষণের প্রায় এক মাস পর শনিবার রাতে ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ তাকে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত শিপার হোসেন ধামরাই পৌরশহরের সাবেক মেম্বার জাকির হোসেনের ছেলে। তিনি ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের করিম-কাইয়ূম-তারা এলাকায় বিয়ে করে ঘরজামাই থাকতেন ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার থেকে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর ভোর সাড়ে ছয়টারদিকে ‘করিম-কাইয়ূম-তারা’ গ্রামের শিশু শিক্ষার্থী (১২) (স্থানীয় দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী) মক্তবে আরবি পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরই ঘন কুয়াশার মধ্যে একই গ্রামের ঘরজামাই শিপার হোসেন ওই ছাত্রীকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে পরিত্যক্ত এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে শিপার হোসেন দৌড়ে পালিয়ে যায়। পরে শনিবার রাতে শিপারকে গ্রেপ্তারের পর গতকাল রোববার ধামরাই থানায় হস্তান্তর করা হয়।
ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ধর্ষণ মামলার একমাত্র প্রধান আসামি শিপার হোসেনকে ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাক, ছিনতাই ও ধর্ষণসহ ছয়টি মামলা রয়েছে।



