ধামরাইয়ে ব্যবসায়ী অংশিদারের পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে ইটভাটা ব্যবসায়ী এক অংশিদারের কাছে ১ কোটি ৫৫ লাখ পাওনা টাকা চাওয়ায় ক্ষীপ্ত হয়ে উল্টো অপর অংশিদারদের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে অভিযোগ উঠেছে। এ মামলার প্রতিবাদে বুধবার আবুল হোসেন মোল্লা নামে এক অংশীদার ধামরাই বাজারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ও আম্বর আলীসহ আমরা সাতজনে ২০১৭ সালে রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় থ্রি-ষ্টার নামে একটি ইটভাটা গড়ে তুলি। ওই সময় অভিযুক্ত অংশিদার আম্বর আলী এ ব্যবসার বিষয়ে অভিজ্ঞ হওয়ায় তার কাছে ২ কোটি ৪০ লাখ টাকা তুলে দেই। তিনি ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ব্যবসা পরিচালনা করেন। এরপর তিনি টাকা আত্মসাৎ করে কৌশলে চলে যান। এসময় আমরা ব্যবসার হিসাব চাইলে তিনি কয়েক মাস ধরে নানা অজুহাত দেখিয়ে যাচ্ছেন। কিন্তু হিসাব দিচ্ছেন না। পরে ধামরাই থানা পুলিশ ও উপজেলা ইটভাটা মালিক সমিতির নেতাদের কাছে গেলে তারা হিসাব কষে দেখেন তার কাছে এক কোটি ৫৫ লাখ টাকা পাওনা হই। ওই টাকা চাওয়ার কারণেই আম্বর আলী ক্ষীপ্ত হন এবং টাকা না দেওয়ার জন্য গত ১৮ এপ্রিল ইটভাটার পাঁচ অংশিদারসহ ৭-৮ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। যা আদৌ সত্য নয়। তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন,আমরা এ মিথ্যা মামলা প্রত্যাহার ও পাওনা ১ কোটি ৫৫ লাখ টাকা দ্রুত ফেরত পেতে প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।
তবে অভিযুক্ত আম্বর আলীও মঙ্গলবার তার অপর অংশিদারদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ও জীবনের নিরাপত্তা চেয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন এবং বুধবারের সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।




