ধামরাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের যাদবপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে আলমগীর হোসেন (৩০) নামে এক ঔষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়েছে। গতকাল রোববার এ ঘটনায় ৬ জনকে আসামি করে ধামরাই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, ধামরাইয়ের যাদবপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন তার বাড়ির ময়লার টাংকির পানি পাশের ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেনের পুকুরে ফেলাকে কেন্দ্র করে গত এক মাস ধরে বিরোধ চলে আসছিল। আলমগীর প্রতিবাদ করলেই মোয়াজ্জেম হোসেন বিভিন্ন হুমকি দেন। শনিবার রাত ১০ টায় আলমগীর হোসেন ধানতারা বাজারের তার ওষুধের ফার্মেসী থেকে নিজের মোটরসাইকেলযোগে বাড়ি রওনা হন। যাদবপুর গ্রামে তার বাড়ির কাছাকাছি পৌছলে প্রতিবেশী মোয়াজ্জেম হোসেন, মারুফ, মিল্টন, মাজাহারুল, হাসান, ওসমানসহ কয়েকজনে মিলে গতিরোধ করে আলমগীর হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে এবং মোটরসাইকেল ভাংচুর করে তার কাছে থাকা নগদ ২ লাখ ৫ হাজার টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। পরে মারা গেছে ভেবে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আহত আলমগীর হোসেনের বড় ভাই আব্দুর রহমান মন্টু বাদী হয়ে ৬ জনকে আসামি করে ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ধামরাই থানার ওসি (অপারেশ) নির্মল কুমার দাস জানান, হামলাকারীদের ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



