শিরোনাম

ধামরাইয়ে ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান আটক

ঢাকার ধামরাইতে চাল চুরির অভিযোগে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজুকে আটক করেছে র‌্যাব-৪।
এ সময় তার হেফাজত থেকে ত্রাণের ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
বুধবার সকালে র‌্যাব-৪ সিপিসি-২ শাখার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার আমছিমোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান মিজু (৬০) ধামরাই উপজেলার ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।
র‌্যাব জানায়, যাদবপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চাল তার নিজ বাড়িতে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছেন এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি অভিযানিক দল।
পরে রাত ২টার দিকে উপজেলার আমছিমোড় এলাকার ওই চেয়ারম্যানের নিজ বাড়ির একটি টিনশেড কক্ষ থেকে ত্রাণের ৩৫ বস্তা ৫৬০ কেজি ওজনের চাল উদ্ধার করা হয়। এ সময় দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চাল মজুদ করে আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান মিজানুর রহমানকে আটক করা হয়।
র‌্যাব-৪ সিপিসি-২ শাখার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ জানান, বৈশ্বিক করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় নিম্ন আয়ের মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে সরকার।
এই ত্রাণ নিয়ে কোনো প্রকার দুর্নীতি না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তারপরও কিছু অসাধু লোক নির্দেশনা অমান্য করে ত্রাণ সামগ্রী চুরির মতো ঘৃণ্য কাজ করার অপচেষ্টা চালাচ্ছে। আর এসব অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সদস্যরা সচেষ্ট রয়েছেন।
এরই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে ধামরাই উপজেলার যাদবপুর ইউপি চেয়ারম্যানকে ত্রাণের মজুদকৃত ৩৫ বস্তা চালসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button