ধামরাইয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ধামরাই( ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ধামরাইয়ের কেলিয়ায় বাংলাদেশ বেতারের মহাশক্তি প্রেরণ কেন্দ্রের পাশে ভুট্টা ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ধামরাইয়ের কেলিয়া ভুট্টা ক্ষেতে এক নারীর লাশ দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেন। এরপর পুলিশ অজ্ঞাতপরিচয় ওই নারীর লাশ উদ্ধার করে। তবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে গোলাপি স্যালোয়ার কামিজ ও ফিরোজা কালের বোরকা ছিল।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, উদ্ধারকৃত নারীর পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশটি রোববার ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


