
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে নবনির্মিত কাঁচা মাটির রাস্তাটি রক্ষার দাবিতে এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন| রোববার দুপুরে ধামরাইয়ের কৃষ্ণপুরা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়|
মানববন্ধনে ভুক্তয়োগীরা জানান, ধামরাইয়ের কৃষ্ণপুরা থেকে নওয়াপাড়া পাকা সড়ক পর্যন্ত প্রায় ৪০০ গজ এলাকায় চলাচলের রাস্তা না থাকায় কৃষ্ণপুরা,নওয়াপাড়া, কান্দাপাড়াসহ চার-পাঁচটি গ্রামের মানুষ যাতায়াত করতে পারছিলনা| তারা সেখানে দীর্ঘদিন ধরে রাস্তা র্নিমাণের দাবি জানিয়ে আসছিল| কিন্তু স্থানীয় বারবারিয়া এলাকার অনন্ত দাস ও নাজিম উদ্দিনের বাধার কারণে তাদের জমির সীমান্ত ঘেঁষে রাস্তাটি হচ্ছিল না| এতে একটু বৃষ্টি হলেই ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দুর্ভোগ পোহাতে হতো|
মানববন্ধনে স্থানীয় আইয়ুব আলী, বাচ্চু মিয়া, আব্দুল আজিজসহ অনেকে জানান, রাস্তাটি করতে সহযোগিতা করার জন্য অনন্ত দাস ও নাজিম উদ্দিনকে কয়েক দফায় অনুরোধ করা হয়| কিন্তু তারা তাদের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করতে দিবে না বলে জানিয়ে দেয়| পরে গ্রামবাসী একত্রিত হয়ে গত শনিবার ভেকু মেশিনের মাধ্যমে সেখানে মাটির রাস্তা নির্মাণ করেন| এরপরই অনন্ত দাস ওই নবনির্মিত রাস্তাটি ভেঙ্গে ফেলবেন বলে হুমকি দিয়েছেন|
এদিকে রাস্তা ভেঙ্গে ফেলার হুমকির খবর পেয়ে এলাকার শত শত নারী-পুরুষ রাস্তাটি রক্ষার দাবিতে রোববার দুপুরে নওয়াপাড়া পাকা সড়কে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন| এতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন|
এবিষয়ে অনন্ত দাস সাংবাদিকদের বলেন, আমাদেরকে না জানিয়ে এলাকার কিছু মানুষ জোরপূর্বক আমাদের জমির ওপর দিয়ে মাটির রাস্তা নির্মাণ করেছে| এবিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করেছি|
এব্যাপারে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, জোরপূর্বক রাস্তা নির্মাণের বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি| বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|




