ধর্ষণের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীসহ সর্বস্তরের ছাত্র-জনতা

রংপুর প্রতিনিধি : রংপুরে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ ও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন ও সমাবেশ
থেকে ধর্ষণে জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ে হতে থাকেন। দুপুরে তারা ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন । এসময় 'তুই ধর্ষক, দায় শুধু তোর, আমার বোন
অন্ধকারে-তুই কেন বাইরে, ধর্ষকের কোনো দল নেই- তুই ধর্ষক তুই ধর্ষক' স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে রংপুর প্রেসক্লাব এলাকা।
দুই ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, 'ধর্ষকের দায় কারো নয়, এই কথা শুধু মুখে না বলে বিচার ব্যবস্থার মাধ্যমে প্রমাণ দিতে হবে। তা না হলে সারাদেশে নারী ও শিশু
ধর্ষণ, নির্যাতন ও নিপীড়ন দিন দিন বাড়তেই থাকবে। এ সময় শিক্ষার্থীরা নোয়াখালী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সব ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্তসহ ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা সুমা, সামিউল ইসলাম, সাদমান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার সিদ্দিকী, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মোহনা, শুভশ্রী, লাভলী প্রমুখ।
এদিকে একই দিনে প্রেসক্লাবের সামনে পৃথকভাবে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর মহানগর জাতীয় যুব সংহতি। বক্তব্য রাখেন- মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তি, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব আনসার, দপ্তর সম্পাদক শামীম হোসেন রাতুল, প্রমুখ।
এসময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান । পরে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদকারীরা। এছাড়াও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের
ব্যানারে একই স্থানে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও সমাবেশ থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।




