দ্বিতীয় টেস্ট নিয়ে আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে হারের ধাক্কাটা এখনো সামলে উঠতে পারেননি বাংলাদেশের ক্রিকেটভক্তরা। তবে মাঠে খেলতে নামা মাহমুদুল্লাহরা তা কাটিয়ে উঠে দ্বিতীয় টেস্টে কীভাবে ভালো করা যায় তা নিয়ে পরিকল্পনা করছেন।
মঙ্গলবার দ্বিতীয় টেস্টের গন্তব্য ব্লুমফন্টেইনে পারি জমানোর আগে সাংবাদিকদের মাহমুদুল্লাহ বলেন, “উইকেট খুব ভালো ছিল। তবে আমরা চেয়েছিলাম ব্যাটিংটা সেভাবে করতে পারিনি। ম্যাচে ছোট ছোট অনেকগুলো ভুল করেছি। তবে দ্বিতীয় টেস্টে আমরা ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী।”
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না তা জানেন মাহমুদুল্লাহ। তবে নিজেদের সেরাটা দিতে পারলে তা যে খুব কঠিন কিছু নয় তাও সাংবাদিকদের জানান তিনি।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুক্রবার ৬ অক্টোবর থেকে ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত হবে।
এদিকে এই ম্যাচে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ।
জানা গেছে, তিনদিনের ম্যাচের সময় পেশিতে পাওয়া চোটের জায়গায় পচেফস্ট্রুম টেস্টে খেলার সময় আবারো আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। যার ফলে তাকে একাদশের বাইরে থেকেই ঘুরে দাঁড়ানোর মিশনে সিরিজের শেষ টেস্ট ম্যাচে নামতে হবে সফরকারীদের।




