দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠনের দাবি বিএনপি,র

রংপুর ব্যুরোঃ জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠনের দাবিতে মতবিনিময় সভা করেছে বিএনপি। আজ শনিবার সকালে রংপুর পর্যটন মোটেল কনফারেন্স রুমে বিএনপি মিডিয়া সেল আয়োজিত “জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনোত্তর জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। এতে রংপুরের সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশে আর কোনদিন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হতে দেয়া যাবেনা। জনগণের অধিকার ফিরিয়ে দিতে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে হবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,দেশে স্বাধীনতার মূল মন্ত্র ধূলিসাৎ। বর্তমান সরকার দেশকে দ্বিধা বিভক্তি করে ফেলেছে। তিনি বলেন, আওয়ামী লীগ করলেই মুক্তিযুদ্ধের পক্ষে, বাকীরা বিপক্ষে। ফ্যাসিবাদি সরকারের পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয়, জেলা ও মহানগর বিএনপি,র সকল নেতাকর্মীবৃন্দ।




