শিরোনামশীর্ষ সংবাদ

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল ব্যাহত : মানুষের চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি : পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়ার ২, ৩ ও ৪নং ফেরি ঘাট নদীতে বিলীন হয়ে গেছে। ফলে শুক্রবার সন্ধ্যা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি পারাপার বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন শুধু ১নং ঘাট দিয়ে সীমিত আকারে একটি ডাউন পকেট ফেরিতে ছোট ছোট প্রাইভেট কার পার করায় রাজধানীগামী কর্মমুখী মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানান, হঠাৎ পদ্মা ও যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। নদীতে এত স্রোত যে রো রো ফেরির ৪টি করে ইঞ্জিন চালু করেও দৌলতদিয়া-পাটুরিয়ার ৬কিলোমিটার নৌপথ পার হতে তিন ঘন্টা করে সময় লাগছে। স্বাভাবিক সময়ে ওই পথে মাত্র আধা ঘন্টায় ফেরি পার হতো।
দেশের গুরুত্বপূর্ণ ঘাট ও ফেরির সংকটের কারনে দৌলতদিয়া প্রান্তেই ৬ কিলোমিটার জুড়ে বাস, মিনিবাস, প্রাইভেট কার এবং ট্রাকের যানজট দেখা দিয়েছে। বাস ও কারে বসে পারের অপেক্ষায় থাকা রাজধানীগামী মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ঈদ উপলক্ষে ৬ দিন বন্ধ থাকার পর শুক্রবার থেকেই ট্রাক পারাপার শুরু হয়। তবে ঘাট ও ফেরির সংকটে শুক্রবার মাত্র ১২টি ট্রাক পার হতে পেরেছে। অথচ গত ছয় দিনে উভয় প্রান্তে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
ফেরি ঘাট সংরক্ষণ ও মেরামতকারী প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানান, পদ্মা নদীর গতিবিধি ভালো না। কারণ চালু অবস্থায় দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ঘাট ভেঙে চলে গেল। শনিবার পল্টুন সরিয়ে উঁচু স্থানে বসালে ঘাট চালু করা যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button