দেশে ফিরেছেন মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মিশন শেষ করে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন মাশরাফিরা। শনিবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেটারদের বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এমিরেটস এয়ারলাইনসের বিমানে করে সকাল পৌনে ৯টায় বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু বিমান ছাড়তে দেরি হওয়ায় এক ঘণ্টা দেরিতে পৌঁছেছেন তারা।
দীর্ঘ দুই মাসের এই সফরে বাংলাদেশ বেশ সাফল্য অর্জন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের পাশাপাশি নিউজিল্যান্ডকে হারিয়ে রানার্সআপ হওয়া এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারে জায়গা নিশ্চিত করা।
তবে সেমিফাইনাল নিশ্চিতের পর আরো বড় কিছুর স্বপ্ন দেখতে শুরু করে মাশরাফিবাহিনী। কিন্তু আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটের হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। তবে এর আগে এশিয়া কাপ ও এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালেও খেলেছিল বাংলাদেশ।
উল্লেখ্য, ২৬ এপ্রিল ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্পের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ। সেখানে ১০ দিনের ট্রেনিং শেষে আয়ারল্যান্ডে পাড়ি দেন মাশরাফিরা।




