
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৭৭ জন সুস্থ হয়েছেন বলে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছিল। কিন্তু আজ রোববারের বুলেটিনে এ সংখ্যা ১০৬৩ জন বলে জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
কিন্তু কীভাবে এত অল্প সময়ের মধ্যে এত বেশি রোগী সুস্থ হলো? তার একটা কারণও জানানো হয়েছে অধিদফতরের পক্ষে। বলা হয়েছে, কাদেরকে সুস্থ বলা হবে সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া একটি নতুন গাইডলাইন অনুসরণ করছে তারা।
আজকের ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটাই এযাবৎকালের সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঘটনা।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে।
এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। ফলে এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১৭৭।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৩৬৮টি ।
বর্তমানে দেশের ৩১টি ল্যাবরেটরিতে করোনাভাইরাস আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে পহেলা মে’র নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়।
এদিকে মারা যাওয়াদের ২ জনের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে। আরেক জনের বয়স ষাট বছরের ওপরে। তাদের একজন রংপুরের বাসিন্দা, আরেকজন নারায়ণগঞ্জের।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৫ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। আইসোলেশন থেকে ছাড়া হয়েছে ৬০ জনকে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৯৮৭৪ জনকে। ছাড় পেয়েছেন ২১৪৯ জন।




