দেশে এক ভয়ঙ্কর নৈরাজ্য চলছে -বাংলাদেশ ন্যাপ
বাংলাদেশ ন্যাপ নেতৃবৃন্দ বলেছেন, দেশে এক ভয়ঙ্কর নৈরাজ্য চলছে। গণতন্ত্র, বাক স্বাধীনতা নেই। মানুষের জান-মাল, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। দেশের বর্তমান অবস্থায় সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হচ্ছে না।
সবাইকে ঈদের আনন্দ একসাথে ভাগ করে নেয়ার আহবান জানিয়ে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া একথা বলেন।
তারা বলেন, নিত্যপণ্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। আজ তাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। পানি, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের তীব্র সঙ্কট জনজীবনে দূর্বিসহ অবস্থার সৃষ্টি করেছে।
নেতৃদ্বয় দেশের সব বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করার আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখা উচিত। আর এটা না পারলে রমজানের শিক্ষা ব্যর্থ হবে।




