দেশের প্রথম আট লেনের সড়ক উদ্বোধন হলো

সাড়ে চার বছরের নির্মাণযজ্ঞ শেষে উদ্বোধন করা হলো বাংলাদেশের প্রথম আট লেনের সড়ক। কাঁচপুর- যাত্রাবাড়ীর এই সড়ক শনিবার যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত আট কিলোমিটার সড়ক এতোদিন দুই লেনের ছিলো। ফলে ঢাকা- চট্টগ্রাম এবং ঢাকা- সিলেট রুটের বাস এবং এমনিতে লোকাল বাসের যাতায়াত মিলিয়ে এই সড়কে সৃষ্টি হতো বিশাল যানজট। কিন্তু আট লেনের পর আর সেটা হবে না।
ঢাকার যোগাযোগ ব্যবস্থায় এই সড়ক নতুন এক দিগন্তই খুলে দিলো বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের। আট লেন সড়কের ফলে যান চলাচল যেমন নির্বিঘ্ন হবে, তেমনি কমে আসবে সড়ক দুর্ঘটনাও।
এতো দিন পর্যন্ত কাঁচপুর ঢাকা পৌঁছাতে লেগে যেতো লম্বা সময়। অসহনীয় যানজটে নাকাল হতে হতো ওই রুটের যাত্রীদের। তবে আট লেন খুলে দেয়ার পর বদলে গেছে পরিস্থিতি। প্রথম দিনেই সন্তোষ প্রকাশ করেছেন গাড়িচালকরা। তারা বলছেন যে, যানজট না থাকায় এখন আর তেমন সময়ই লাগছে না।
এ ছাড়া মূল আট লেনের সড়কে ঢোকার মুখে ইন্টারসেকশন তৈরি করে দেয়া হয়েছে। এতে করে আলাদা যানজট লাগছে না। জানা গেছে, এই প্রকল্প প্রস্তুত করতে মোট খরচ হয়েছে একশ’ ৩২ কোটি টাকা।




