
রাজধানীর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ময়দানে এবং প্রত্যেক জেলা ও উপজেলায় আগামী ৪ অক্টোবর থেকে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা (ডেভেলপমেন্ট ফেয়ার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে একই সময়ে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করবেন।
রাজধানীতেএ বারের এই মেলায় ৩৬৬ টি স্টল থাকছে। এরই মধ্যে উন্নয়ন মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান আশুক্রবার মেলার প্রস্তুতি দেখার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ময়দান পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক খলিলুর রহমান, পরিচালক আহসান কিবরিয়া, উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশীদ আলম মেলা ময়দান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধনী দিনে এক শোভাযাত্রার আয়োজন করা হবে এবং তা সবার জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়াও উন্নয়নের বিভিন্ন ধারণা ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে এবং সেগুলোতে দেশি ও বিদেশি উন্নয়ন অংশীদাররা অংশগ্রহণ করবে।




