শিরোনামশীর্ষ সংবাদ

দুর্নীতির জন্য সব অর্জন ম্লান হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের জন্য আমাদের কাজ করতে হবে। প্রতিটি কর্মচারীকে চিন্তা করতে হবে, কতটুকু সেবা আমি দিতে পারলাম। নিজের পরিবারের সদস্যদের মতোই, দেশের মানুষের প্রতিও দায়িত্ব পালন করতে হবে। ঘুষ-দুর্নীতির বিষয়ে সাবধান হতে হবে। কারণ দুর্নীতির জন্য সব অর্জন ম্লান হয়।
প্রজাতন্ত্রের মালিক জনগণের সেবায় আইন ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাজ করার আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারি চাকরিজীবীদের আন্তরিকভাবে জনগণের সেবা করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সেবা নিশ্চিতে সরকারি কর্মীদের দুশ্চিন্তা দূর করার চেষ্টা চলছে। বেতন-ভাতা বাড়ানোর পাশাপাশি গাড়ি, ফ্ল্যাট-বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কর্মীরা ভালো কাজ করলে উন্নয়ন হবে।
শেখ হাসিনা বলেন, ২১ বছর পর আমরা ১৯৯৬ সালে সরকারে এসেছিলাম। তখন আমরা অনেক পরিকল্পনা নিয়েছিলাম। অনেককিছু আমরা বাস্তবায়নও করেছিলাম। তবে পাঁচ বছর পর আমরা আবার ক্ষমতার বাইরে চলে যাই। সেটারও কারণ আছে, দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় আসার চিন্তাও আমি করিনি।
টেকসই উন্নয়নের জন্য সবাইকে দায়িত্ব নিয়ে বাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয়ে সবাইকে মিতব্যয়ী হতে হবে। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। আগামী দিনে যারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন, তাদেরকেও উন্নয়ন কাজে সম্পৃক্ত করতে হবে।
সরকারপ্রধান বলেন, ২০০১ সালে যারা ক্ষমতায় আসলো তারা দেশকে দুর্নীতি উপহার দিল। তারপর ২০০৯ এ আবার আমরা ক্ষমতায় আসলাম। এরপর এক দশক পার হয়েছে। এই এক দশকে আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এর একটাই কারণ আমরা একটা নীতি আদর্শ নিয়ে কাজ করেছি।
তিনি বলেন, নিজেদের পরিবারের প্রতি যে দায়িত্ববোধ থাকবে, ঠিক সেই ভাবে নিজেদের দেশের মানুষের জন্যও সেই দায়িত্ববোধ থাকতে হবে। সে চিন্তা নিয়েই স্ব স্ব দায়িত্ব পালন করবেন।
মাদক, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে সরকার যে অভিযান শুরু করেছে, সেদিকেও বিশেষ দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে বলেন তিনি।
আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে চলার সঙ্গে আত্মশুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করে নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেন, সবসময় একটা আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। জাতির পিতা বলেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে যেমন আত্মমর্যাদাবোধ থাকবে, তেমনি আত্মবিশ্বাস থাকতে হবে এবং আত্মশুদ্ধিও করতে হবে।
ক্ষমতা ভোগের জন্য নয়, এটা দায়িত্ব, সে কথা সবাইকে স্মরণ করিয়ে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাটা আমার দৃষ্টিতে ভোগের বিষয় না, এটা হচ্ছে একটা দায়িত্ব পালন করার বিষয়। দেশের মানুষের সেবা করার বিষয়। প্রথম প্রধানমন্ত্রী হয়ে এটাই ঘোষণা দিয়েছিলাম, আমি সেবক হিসেবে কাজ করতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে না। কারণ জাতির পিতার কন্যা হিসেবে আমি মনে করি এটা আমার দায়িত্ব।
তিনি আরও বলেন, আমি আজকে প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি নিজেকে ঠিক ওই প্রধানমন্ত্রী মনে করি না। জাতির পিতার কন্যা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করি। মন্ত্রিত্ব পাওয়া, প্রধানমন্ত্রিত্ব পাওয়ার অনেক সহজ পথও থাকে, কিন্তু সে পথ আমি কখনও অনুসরণ করি না। যেটা আমার বাবাও করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button