দুর্ধর্ষ পাকিস্তানের কাছে আবারো বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ পকেটে পুরল পাকিস্তান৷ সোমবার দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮২ রানে হারায় ‘মেন ইন গ্রিন’৷ সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল পাকিস্তান৷
করাচিতে প্রথম ব্যাটিং করে তিন উইকেটে ২০৫ রান তোলে পাকিস্তান৷ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এটাই পাকিস্তানের সর্বোচ্চ স্কোর৷ দুরন্ত ব্যাটিং বাবর আজম ও হোসেন তালাতের৷ ৫৮ বলে ১৩টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি-সহ ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন বাবর৷ টি-২০ ক্রিকেটে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর বছর তেইশের পাক ওপেনারের৷ ৬৩ রান করেন তালাত৷ শুরুতেই ফকর জামানের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১১৯ রান যোগ করেন বাবর ও হোসেন৷
রান তাড়া করতে গিয়ে মাত্র ১২৩ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷ দুরন্ত বোলিং বাঁ-হাতি পেসার মহম্মদ আমেরের৷ মাত্র ২২ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন আমের৷ দু’টি করে উইকেট নেন শাহদাব খানও হোসেন তালাত৷ রবিবার প্রথম ম্যাচেও বড় ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান৷ মাত্র ৬০ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷ ফলে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি বিশ্বের এক নম্বর টি-২০ দলের সামনে৷




