দীঘিনালায় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পাঠ্যবই বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ), দীঘিনালা উপজেলা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে এসএসসি ও এইচএসসি পাশকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯এপ্রিল) সকালে কুজেন্দ্র মল্লিকা মডার্ণ কলেজ প্রাঙ্গনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়। পরে অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা নলেন্দ্র লাল ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে নলেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রত্যেক মানুষের সঠিক পথে সু-পরিবর্তনের মূল চাবিকাঠি হলো শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির কথা ভাবা যায় না। তাই শিক্ষার কোন বিকল্প নেই। পৃথিবীতে যত বড় বড় মহৎ কাজ করেছে, সবই যুব সমাজ করেছে। যুবরাই পারে, যুবরাই করবে। আগামীর প্রজন্মরাই পরিবার, সমাজ এবং দেশের হয়ে নেতৃত্ব দিবে। নেতৃত্ব দিলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। জাতির উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকতে হবে।

দীঘিনালা উপজেলা শাখার সভাপতি দলিনা ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্ব ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা (মিঠূ)।
বিশেষ অতিথি ছিলেন কুজেন্দ্র মল্লিকা মডার্ণ কলেজের অধ্যক্ষ ও টিএসএফ’র সাবেক সভাপতি সাধন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের দীঘিনালা আঞ্চলিক শাখার সভাপতি ঘনশ্যাম ত্রিপরা ও সাধারণ সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা, বাত্রিকস, দীঘিনালা আঞ্চলিক শাখার তথ্য ও প্রচার সম্পাদক সিরস কান্তি ত্রিপুরা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা শাখার সহ-সভাপতি দীপেন ত্রিপুরা। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ভাবলী ত্রিপুরা। এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত রিয়া ত্রিপুরা এসময় কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র গ্রহণ করেন। সংগঠনের বিভিন্ন মেয়াদ কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পাড়ার কার্বারী, অভিভাবকসহ বিভিন্ন স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন ।
আলোচনা সভাশেষে একাদশ শ্রেনীর আর্থিক অসচ্ছল ও মেধাবী ৪০জন শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়।



