
ভারতের রাজধানী দিল্লিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে এক দল ইরানি। মঙ্গলবার দেশটিতে ভারতীয় দূতাবাসের সামনে জমায়েত হন তারা। তাদের হাতে ভারত ও ইরানের জাতীয় পতাকাও দেখা যায়।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, বিক্ষোভকারীদের মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দিল্লিতে মুসলিম হত্যার প্রতিবাদে তারা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধেও স্লোগান দেন তারা।
এক বিক্ষোভকারী ফার্সকে বলেন, ‘ভারতে মুসলমানদের ওপর হামলায় রক্তপাতের ঘটনায় আমাদের উদাসীন হওয়া উচিত নয়। নিপীড়িত মানুষকে সমর্থন করা ইরানের ইসলামি বিপ্লবের অন্যতম প্রধান কর্তব্য।’
শাহেদ ইউনিভার্সিটির একজন ছাত্র প্রতিনিধি বলেন, ‘ভারত সরকারের জানা উচিত যে, এই নৃশংসতা কখনো উত্তরহীন থাকবে না। ভারত সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
এদিকে আগের দিন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ এক টুইটার বার্তায় বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষের উচিত সকল ভারতীয়দের শান্তি নিশ্চয়তা করা, শুভবুদ্ধিহীন কাজের প্রকাশ হতে দেয়া উচিত নয়।’
এদিকে ইরানের প্রতিক্রিয়ার পর নয়াদিল্লিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানান, ইরানের অনিয়ন্ত্রিত বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয়।




