দাউদকান্দিতে পৃথক ৩টি খুনের বিচার দাবিতে পৃথক মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার খোশ কান্দি, বাসরা ও গৌরীপুর বাজারে একসপ্তাহে পৃথক তিনটি হত্যাকান্ডের ঘটনায় ইলিয়টগঞ্জ ও আসমানিয়া বাজারে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ জনগণ। আইনশৃঙ্খলার অবনতির কারনে আতংক ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়।গত রোববার রাতে দাউদকান্দি গৌরীপুর বাজারে ব্যবসায়ী ও যুবলীগ নেতা জামাল হোসেনকে দূবৃত্তরা বোরকা পড়ে গুলি করে এতে তাঁর মৃত্যু ঘটে। দুইদিন পর ২রা মে তার স্ত্রী পপি আক্তার বাদী হয়ে নামোল্লেখ ও অজ্ঞাতসহ ১৭ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা করেন। গত ২৩ এপ্রিল রোববার উপজেলার বাসরায় বাধনকে কুপিয়ে হত্যার ঘটনায় তার মা রোকেয়া বেগম বাদী হয়ে ৬৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার খোশ কান্দিতে রেজাউলকে হত্যার ঘটনায় তাঁর ভাই ইউসুফ বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা করেন। তিনটি হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে সাত জনকে আটকের কথা বলেছে থানা পুলিশ। আসামীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইলিয়টগঞ্জ ও আসমানিয়া বাজারে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ জনগণ। উল্লেখ্য রেজাউলের চাচাতো ভাই শরীফকে বাঁচাতে গিয়ে রেজাউল দূর্বৃত্তের হামলায় মারা যায়। এই ঘটনায় শরিফের শিক্ষা প্রতিষ্ঠান তিতাসের আসমানিয়া বাজার রাইন আইডিয়াল স্কুলের পক্ষ থেকে বিচার চেয়ে গতকাল বুধবার মানববন্ধন করেছে, এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সাফায়ত জামিল, অন্যান্য শিক্ষক বৃন্দ আবুল কালাম আজাদ, ফয়েজ আহমেদ, শফিকুল ইসলাম, ওসমান গনি ও রুহুল আমিন প্রমুখ।




