দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত

দশম জাতীয় সংসদের ১৬তম (বাজেট) অধিবেশন আজ শেষ হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন আজ শেষ হয়।
এর আগে আজ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদও সমাপনী বক্তব্য দেন।
স্পিকার বলেন, এ অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যরা সরব ও প্রাণবন্ত আলোচনার মাধ্যমে বাজেটের ওপর মূল্যবান পরামর্শ দিয়ে একে সমৃদ্ধ করেছেন। তাদের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী চলতি অর্থবছরের বাজেট সংসদে পাস করা হয়েছে। তিনি অর্থমন্ত্রী আবুল আবদুল মুহিতের চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পেশকে এক অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।
স্পিকার এই অধিবেশনে সরকার ও বিরোধীদল নির্বিশেষে সবাই কার্যকর ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।
স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা, চিফ হুইপসহ হুইপগণ, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, সব সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্য, মিডিয়া কর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।



