
ভারতে গত দু’বছরে গো-হত্যা ও এই সংক্রান্ত নানা ইস্যু বারবার খবরে এসেছে। একে কেন্দ্র করে দেশে কয়েকটি প্রাণহানি ও অশান্তির ঘটনাও ঘটেছে। ফলে গরুকে কেন্দ্র করে যেকোনো ইস্যুই ভারতের এখন হট কেকের মতো বিকোয়।
এই ইস্যুতেই একেবারে মোক্ষম দাবি করে বসলেন মধ্যপ্রদেশের এক সরকারি কর্মকর্তা। তিনি মধ্যপ্রদেশ গোপালন এবং পশুধন সংবর্ধন বোর্ডের কার্যকরী সমিতির চেয়ারম্যান স্বামী অখিলেশ্বরানন্দ গিরি। তার দাবি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে গরুকে কেন্দ্র করে।
স্বামী অখিলেশ্বরানন্দ গিরি রাজ্যে গরু ও এই প্রজাতির প্রাণী সংরক্ষণ ও তা রক্ষার কাজ করেন। সরকারই তাকে এই পদে বসিয়েছে। তার দাবি, ইতিহাসে বারবার গরুকে নিয়ে দ্বন্দ্বের উল্লেখ রয়েছে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহও গরুকে কেন্দ্র করে শুরু হয়েছিল। সন্ন্যাসীর বেশধারী এই সরকারি কর্মকর্তার দাবি, এবারও তেমন কিছুই হতে চলেছে।
স্বামীজির কথায়, নিজের চোখের সামনে গো-রক্ষকরা মৃত অথবা আহত গরুকে গাড়িতে করে যেতে দেখতে পাচ্ছে। ফলে তাদের মেজাজ হারানো অস্বাভাবিক নয়। কারণ এর সঙ্গে তাদের আবেগ জড়িয়ে রয়েছে। তবে সব রাজ্য গো-হত্যা নিয়ে কড়া আইন করলে তা বন্ধ হতে বাধ্য বলেও জানিয়েছেন তিনি।
ভিএইচপির তরফে নিয়োগপ্রাপ্ত স্বামী অখিলেশ্বরানন্দ গিরি জানিয়েছেন, মধ্যপ্রদেশে আলাদা গো-মন্ত্রক তৈরি হবে। এব্যাপারে নাকি রাজ্য সরকারের অনুমোদনও পাওয়া হয়ে গিয়েছে। এমনকী ১৫ কোটি টাকা সরকারের তরফে দানও করা হয়েছে। তবে গো-রক্ষা ও সংরক্ষণের জন্য অন্তত ১০০ কোটি টাকা প্রয়োজন। সেজন্য রাজ্যের মন্ত্রীদের চিঠি লিখে প্রত্যক্ষ সাহায্যের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন স্বামী অখিলেশ্বরানন্দ গিরি।
সূত্র : ওয়ান ইন্ডিয়া




