খেলা

তুষার ইমরানের ঝুলিতে আরেকটি কীর্তি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু অর্জন তাঁর ঝুলিতে জমা পড়েছে। জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান এবার আরও একটি কীর্তি গড়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১তম সেঞ্চুরি করার পাশাপাশি প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মালিক হয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নতুন এই মাইলফলক গড়েন তুষার। রংপুরের বিপক্ষে ১৭৬ বলে ১০৩ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। যাতে ৮টি চারের মার রয়েছে, আর উইকেটে থেকেছেন ২৬০ মিনিট।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ১২ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে তিনি বেশ উজ্জ্বলতা ছড়ান। তাই গড়েছেন নতুন এই রেকর্ড।
তুষারের কীর্তির ম্যাচটিতে কোনো দলই জেতেনি, ড্র হয়েছে। টস হেরে খুলনা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩০৪ রান করে। জবাবে রংপুর প্রথম ইনিংসে করে ৩১৫ রান। তারা মাত্র ১১ রানের লিড পায়।
দ্বিতীয় ইনিংসে খুলনা তুষারের সেঞ্চুরিতে ৩৩৪ রান করে ইনিংস ঘোষণা করে রংপুরের সামনে ৩২৪ রানের লক্ষ্য বেঁধে দেয়। রংপুর এর জবাবে চতুর্থ দিনের বাকি সময়ে ব্যাট করে ৯১ রান করলে ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button