তুরস্কে ন্যাটো ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, নাশকতা!

তুরস্কে ন্যাটোর একটি ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা দিয়েছে। ঘাঁটটি দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত। নাশকতামূলক তৎপরতার কারণে আগুন ধরেছে কিনা তদন্ত করছে কর্তৃপক্ষ।
রোববার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। ইজমির নগরীর কাছে এ ঘাঁটি অবস্থিত। কোনো কোনো খবরে আগুন নেভানোর দাবি করা হলেও অনেক খবরে এখনো আগুন জ্বলছে বলে উল্লেখ করা হয়েছে। অ্যালাইড ল্যান্ড কমান্ড বা ল্যান্ডকম নামে পরিচিত ঘাঁটিটি হুমকির মুখে পড়েছে বলে এসব খবরে উল্লেখ করা হয়।
খবরে আরো বলা হয়েছে, জনবহুল কয়েকটি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে আগুনে বয়োবৃদ্ধ মানুষদের একটি বাড়ি ও বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তুরস্কে বেসরকারি নিউজ চ্যানেল টি২৪ নিউজ এ অগ্নিকাণ্ডকে ‘নাশকতামূলক’ তৎপরতা হিসেবে উল্লেখ করেছে। সম্প্রতি দেশটির অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে যখন অভিযান চলছে তার পরিপ্রেক্ষিতে এ কথার সত্যতা আছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার ১৫, জুলাই তুর্কি সেনাবাহিনীর একটি অংশ এ অভ্যুত্থান প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তা বানচাল করে দেয়া হয়। এরপর দেশটিতে ব্যাপক শুদ্ধি অভিযান চলছে।#
সূত্র : পার্সটুডে




