তুফানসহ অভিযুক্তদের বিচার চেয়ে মানববন্ধন

ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় অভিযুক্ত বগুড়ায় গ্রেফতারকৃত তুফান সরকারসহ সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও বগুড়ায় মানববন্ধন হয়েছে। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের বগুড়া শাখার উদ্যোগে শহরের ১ সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সংগঠনের সমন্বয়ক নূর জাহান বেগম মানববন্ধন থেকে বলেন, দ্রুততম সময়ে তুফান সরকারসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধ করতে সাহস না পায়।
বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ঢাকা থেকে গ্রেফতারকৃত তিন আসামী তুফানের স্ত্রী আশা, ড্রাইভার জিতু ও তুফানের সহযোগী মুন্নাকে বগুড়ায় আনা হচ্ছে। এই তিন আসামীকে বগুড়ায় আনার পর অপর তিনজন আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমা- চাওয়া হবে। তিনি আরও জানান, তুফান সরকারের বিরুদ্ধে, হত্যার চেষ্টা, ইয়াবা ও ফেন্সিডিল ব্যবসাসহ ৬টি মামলা রয়েছে।




