
এক বছর পূর্তি উপলক্ষ্যে মাঠে নামছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২৯ অথবা ৩০ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করে তারা সরকারকে পুনর্নিবাচনের জোড়ালো দাবি জানাতে চায়।
বুধবার (০২ অক্টোবর) দুপুরে এক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে এক জরুরি বৈঠক করে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এই সিদ্ধান্ত নেয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে। এছাড়া ১৩ অক্টোবর ঐক্যফ্রন্ট গঠনের এক বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকায় সমাবেশ করবে। তবে কোথায় সমাবেশ অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি। অনুমতি সাপেক্ষে যেকোনো উন্মুক্ত স্থান অথবা ঘরোয়াভাবে এ সমাবেশ করা হবে।
এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সংসদ বাতিল করে অবিলম্বে জাতীয় সরকার গঠন, ক্যাসিনোর সঙ্গে জড়িত রাঘববোয়ালদের গ্রেফতারের দাবিতে অক্টোবর ও নভেম্বর মাসে চট্টগ্রাম-সিলেটসহ কয়েকটি বিভাগীয় শহরে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে সমাবেশ করা হবে। এতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
আগামী ৬ অক্টোবর এসব কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানা গেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান, শহীদুল্লাহ কায়সার প্রমুখ।




